নওগাঁর রাণীনগরে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধচারণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির চার নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। বুধবার তাদের চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়।
তাদের বিরুদ্ধে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে বিরুদ্ধচারণের অভিযোগ আনা হয়েছে।
বহিস্কৃত চার নেতা হলেন: রাণীনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. পাভেল রহমান, উপজেলা বিএনপির সদস্য মো. রফিক, সদস্য মো. শামীম হোসেন ও সদস্য মো. শহিদুল ইসলাম সুইট।

দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত বহিষ্কার আদেশের দুই চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধচারণে লিপ্ত রয়েছেন। এই বিষয় নওগাঁ জেলা বিএনপির নজরে এসেছে।
এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এ ধরনের কর্মকান্ডের জন্য জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদের চারজনকে দলীয় পদমর্যাদা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত চারজনকে দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে তাদের চারজনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন