দীর্ঘ ২০ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে তাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিন সন্ধ্যায় রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সভা উপলক্ষে মঞ্চ নির্মাণের পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে তাকে সংবর্ধনা জানাতে নেওয়া হয়েছে আলাদা প্রস্তুতি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে গাজীপুরের পাঁচটি উপজেলা ও মহানগরজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজবাড়ী মাঠজুড়ে স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে উঠেছে এলাকা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
জনসভাকে ঘিরে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি তদারক করছেন।
গত রোববার গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনে জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনকে সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এ জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগরজুড়ে একটি রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি রাজবাড়ী মাঠে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে।
তিনি আরও জানান, জনসভাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা, ব্যবস্থাপনা, আপ্যায়ন ও মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারেক রহমান যে সড়ক দিয়ে জনসভাস্থলে প্রবেশ করবেন—চৌরাস্তা-শিববাড়ী হয়ে রাজবাড়ী মাঠ—সে সড়কটি যানজটমুক্ত রাখতে দলীয় স্বেচ্ছাসেবক ও প্রশাসনের পক্ষ থেকে সমন্বিতভাবে কাজ করা হবে।
-20260126224833.webp)

