ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:৫৭ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

গুপ্ত সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরাই বর্তমানে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে রাজনৈতিক শক্তি নিজের দলের নেতাকর্মীদের মা-বোনের সম্মান রক্ষা করতে পারে না, তাদের কাছ থেকে জনগণ কখনোই আত্মমর্যাদার রাজনীতি আশা করতে পারে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হন। মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সবখানেই নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। জেলায় জেলায় জনসভা ও পথসভায় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচি তুলে ধরছেন। এসব প্রতিশ্রুতির মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান বিশেষ গুরুত্ব পাচ্ছে। নারী ও তরুণদের ক্ষমতায়নে জোর দিচ্ছেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতোমধ্যে বড় শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও একাধিক জনসভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান। সাধারণ মানুষের প্রত্যাশা, এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর বরিশালে তার উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।