ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। সরকারি চাকরির নিয়োগে যারা অগ্রাধিকার পাবে, সে বিষয়ে জানিয়েছে দলটি। এ ছাড়া পে-স্কেল যথাসময়ে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। শিক্ষা খাতে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।
বিএনপি জানিয়েছে, ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ, বিশেষত সরকারি মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর ধর্মীয় শিক্ষক কাম ইমাম, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে সার্টিফিকেটধারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
সরকারের বিভিন্ন দপ্তর-সংস্থায় প্রায় পাঁচ লাখের বেশি সরকারি কর্মচারীর পদ শূন্য আছে। যতদ্রুত সম্ভব সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণ-তরুণীদের সকল শূন্য পদে নিয়োগ দেবে বিএনপি।
এ ছাড়া পাবলিক সার্ভিস কমিশনকে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ (অন্য সকল সেক্টরে) নিয়োগের জন্য যথোপযুক্ত ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করবে বিএনপি।
এমনকি বেসরকারি চাকরিজীবীরা যাতে প্রাপ্য ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য বেসরকারি সার্ভিস রুলও প্রণয়ন করতে চায় বিএনপি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন