× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:২৩ পিএম

ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:২৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণ ভোটাধিকার আদায় করেছে। এই ভোট ষড়যন্ত্রের মাধ্যমে কেউ নষ্ট করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

ভোটের দিন সবাইকে পোলিং সেন্টার পাহারা দিয়ে ভোটের ফল ঘরে আনার আহ্বান জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পীর জঙ্গী মাজারের সামনে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যের শুরুতে মির্জা আব্বাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সারা দেশে ঘুরে ঘুরে নির্বাচনি প্রচার চালাতে গিয়ে বিএনপির চেয়ারম্যানকে অনেক কষ্ট করতে হচ্ছে।

তিনি বলেন, ১৯৯১ সালে এই স্থান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মনোনয়ন ঘোষণা করেছিলেন। একই স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপস্থিতিতেও আগে জনসভা অনুষ্ঠিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে কিছু মহল ঢাকাসহ দেশের কয়েকটি আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল প্রভাবিত করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে, সে সরকারি হোক বা বেসরকারি—কাউকেই ছাড় দেওয়া হবে না।

এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ঢাকার এই এলাকায় গ্যাস, পানি ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। তিনি জানান, এলাকায় কোনো খেলার মাঠ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় মাঠ ও কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু ষড়যন্ত্রের কারণে তা টিকিয়ে রাখা যায়নি।

তিনি আরও বলেন, এলাকায় কবরস্থানের জায়গা দখল করে সরকারি স্থাপনা নির্মাণ করা হয়েছে। ওই কবরস্থানের জায়গা এবং মাঠের জায়গা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি স্কুলিং এরিয়া হওয়ায় নারী ও শিশুদের নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং পানির ব্যবস্থার অভাবের কথাও তিনি তুলে ধরেন।

বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ক্ষমতায় গেলে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে বেকারত্ব দূর করা হবে—এমন প্রত্যাশা তিনি বিএনপির চেয়ারপারসনের কাছে করেন।

তিনি বলেন, শত ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। ইনশাল্লাহ বিএনপি ঢাকা-৮সহ সারা দেশের বেশিরভাগ আসনে জয় লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!