দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা। তিনি ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সিমলা মনোনয়নপত্র কেনার কারণ হিসেবে জানিয়েছিলেন, তিনি স্বপ্নে দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বপ্নে দেখার অভিজ্ঞতা এবং বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সদস্য হিসেবে সিমলা এবার ধানের শীষের প্রচারে অংশ নিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে নামেন দেশের কয়েকজন পরিচিত শিল্পী। এ সময় এ নায়িকাকে উপস্থিত থাকতে দেখা গেছে।
প্রচারকালে সিমলা পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি।
সেই সময় কী বলেছিলেন সিমলা?
এক সময়ের জনপ্রিয় এই নায়িকা সাংবাদিকদের বলেছিলেন, ‘যদিও জানি কথাটা হাস্যকর শোনাবে, তবুও এটা সত্যি। স্বপ্নে আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। কিছুদিন আগে আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তিনি আমাকে কিছু দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’
আওয়ামী লীগের পরিবারের সন্তান হিসেবে নিজেকে দাবি করে সিমলা বলেন, ‘অনেকদিন থেকেই আমি বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সঙ্গে যুক্ত। আমার পরিবার আওয়ামী লীগে সক্রিয়। আমার বড় ভাই, ছোট ভাই এবং তাদের সন্তান আওয়ামী লীগে সক্রিয়। তারা ঝিনাইদহ শৈলকুপায় রাজনীতি করছে। আমি ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বাগত জানিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। সেই জায়গা থেকেই আমাদের আগ্রহ জন্মেছে, আমাদের ফিল্ম পরিবার থেকেও। এ কারণেই আমি মনোনয়নপত্র নিয়েছি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন