ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। তবে সকাল ৭টার আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোটের পরিবেশ উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তরুণদের মধ্যে ভোটের আগ্রহ বেশি থাকলেও সকালেই মধ্যবয়সী এবং বয়স্ক ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। অনেকে পরিবারসহ ভোট দিতে এসেছেন। নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে প্রার্থীদের নিজস্ব বুথ বসানো হয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির যৌথ নিরাপত্তা তৎপর রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কর্মকর্তারা জানিয়েছেন, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবেন।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। এ কারণে দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হচ্ছে।
ইতোমধ্যে ভোটার তালিকা অনুযায়ী, এই ২৯৯ আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে, যেখানে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন এবং নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন, স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, তাদের সংখ্যা ২৯১ জন। এ ছাড়া ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
-20260212091740.webp)

