ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।
বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। গুরুত্ব বিবেচনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।
বরিশাল জেলার সন্তান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর এলএলবি পাস করেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রাজনৈতিক জীবনের শুরু কলেজের ছাত্র থাকাকালীন ছাত্র ইউনিয়নে মাধ্যমে। ১৯৭৩ সালে তিনি ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেন।
১৯৭৮ সালে তিনি বরিশাল জেলা যুবদলে যোগ দেন।
তিনি বরিশাল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন