অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা ভাবছে পরিবার।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এদিকে একই দিন সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
হাসপাতালে অবস্থানকালে তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
হাসপাতালে পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।
এর আগে বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

