আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে তিনিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শরিক হবেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী বেলা ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনায়' অবস্থান করবেন। সেখানে তিনি বিদেশি কূটনীতিক, বিশিষ্ট শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
এদিকে, প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতা ঢাকায় ঈদ করলেও বিএনপির কেন্দ্রীয় নেতাদের বড় একটি অংশ এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা যায়, ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন দলের সিনিয়র নেতারা। এরপর তারা যে যার গন্তব্যে রওনা হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন।
পরে তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টুও রাজধানী ঢাকাতেই ঈদ উদ্যাপন করবেন।
অন্যদিকে, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার বাইরে থাকছেন দলের নীতিনির্ধারক পর্যায়ের অনেক নেতা।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে নিজ নিজ এলাকায় ঈদ করবেন।
তবে স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বরকতউল্লা বুলু নোয়াখালীতে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে ঈদ করবেন।
এছাড়া যুগ্ম মহাসচিবদের মধ্যে খায়রুল কবির খোকন নরসিংদীতে, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে এবং আবদুস সালাম আজাদ মুন্সিগঞ্জে ঈদ করবেন।



