বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনির এলাকা বগুড়া-৬ সদর আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে বলেছেন, ‘আপনারা বলছেন বিএনপির ঘাঁটি বগুড়া, এবার ভোটের মাধ্যমে প্রমাণ করুন বগুড়া সত্যিকারের বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি রক্ষার দায়িত্ব আপনারাই নিয়েছেন।’
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের ছিলিমপুর এলাকায় অনুষ্ঠিত সভায় তিনি নেতাকর্মীদের আরও বলেন, ‘বগুড়ার সাতটি আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করতে আপনাদের পরিশ্রম করতে হবে। ভোটারদের কাছে পৌঁছাতে হবে। মানুষকে বোঝাতে হবে কেন বিএনপির ধানের শীষের পক্ষে ভোট দেওয়া প্রয়োজন। ছোট ছোট গ্রুপে গিয়ে দ্বারে দ্বারে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিজয়ী হলে বগুড়ার উন্নয়ন ও সারা দেশের উন্নয়ন নিশ্চিত হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘আপনারা ম্যাডামের জন্য যেভাবে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, এই নির্বাচনে তেমনি সাতটি আসনে জয় নিশ্চিত করুন। আমরা সবাই একসঙ্গে কাজ করব, দেশের ও মানুষের উন্নয়ন নিশ্চিত করব।’
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা নেতারা আলী আজগর তালুকদার হেনা, কে এম খায়রুল বাসার, সহিদুন নবী সালাম, হামিদুল হক চৌধুরী হিরু, জিয়া অলি ও মাফতুন আহমেদ রুবেল প্রমুখ।
হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিশ্বের মুসলমানরা আল্লাহ পাকের অলি মনে করতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, সৎ ও সত্যবাদী।
এরপর সিরাজগঞ্জ যাওয়ার পথে তারেক রহমান বগুড়া-৭ আসনের শাহজাহানপুর উপজেলার মাঝিড়ায় পথসভায় বক্তব্য দেন। সেখানে তিনি বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ভোট চান এবং বলেন, ‘মিল্টনের মাধ্যমে আপনার এলাকার উন্নয়ন করা হবে। আমি আপনার কাছে বেশি সময় দিতে পারছি না, তাই ঘরের মানুষ হয়ে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।’


