প্রচলিত ৫৪ বছরের আইন এ দেশ থেকে টাকা পাচার, খুন, চুরি-ডাকাতি ও দুর্নীতি বন্ধ করতে পারেনি, সামনেও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাতপাখার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর আরও বলেন, বিএনপি জোট এবং জামায়াতের নেতৃত্বে থাকা জোট একই কায়দার। বিএনপি যে নীতি ও আদর্শ পালন করতে চায়, তা সকলেই জানে। তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উদাহরণ দিয়ে বলেন, ‘অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল’—এখানেই বোঝানো হচ্ছে, সকল ক্ষমতার মালিক হলো জনগণ।
তিনি আরও বলেন, জামায়াতের নেতৃত্বে যারা আছেন, তারা নিজস্ব বক্তব্যে সাফ বলেছেন যে, তারা ইসলামিক আইন বাস্তবায়ন করবে না।
কর্নেল অলি আহমদের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জামায়াত দেশ পরিচালনা করবে চলমান আইনের মাধ্যমে। কিন্তু ৫৪ বছর ধরে এ আইন কোনোদিন টাকা পাচার, খুন, চুরি, ডাকাতি বা দুর্নীতি বন্ধ করতে পারেনি।
চরমোনাই পীর উল্লেখ করেন, নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলার মাধ্যমে সংসার নষ্ট করা হয়েছে এবং দেশে বসে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়িত হয়েছে। তাই প্রচলিত আইন ও নীতি নতুন কোনো ভালো ফল দিতে পারে না।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো সংসদে কোনো এমপি পাঠাতে পারেনি। তবে প্রতিষ্ঠানটি কখনোই সেই গতানুগতিক নীতি ও নেতাকর্মীর পদ্ধতি অনুসরণ করবে না। এ জন্যই ইসলামী আন্দোলন একাই হাতপাখা দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।
চরমোনাই পীর আরও উল্লেখ করেন, ’২৪ সালের গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তবে জামায়াতসহ দুটি দল যোগদানের পর বড় ভূমিকা গ্রহণ করে ইসলামি শরিয়া বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেয়। তাই ইসলামী আন্দোলন সেই জোটে থাকতে পারে না।


