ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ চৌদ্দগ্রামে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:০১ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে জনসভাটি শুরু হওয়ার কথা রয়েছে।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় জামায়াতের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের সমাগম ঘটবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম।

এর আগে শুক্রবার জামায়াতের আমির কুমিল্লায় একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা ৬টায় তিনি লাকসাম স্টেডিয়ামে এক জনসভায় বক্তব্য দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে আরেকটি জনসভায় অংশ নেন।

লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিমসহ জোটের একাধিক নেতা। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট।

কুমিল্লা টাউন হল মাঠের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদেক কায়েম এবং জামায়াতের কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন। জনসভাটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান।

জনসভা শেষে জামায়াতের আমির কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনে জামায়াত ও জোটসঙ্গীদের মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। একই সঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে স্বাধীনতা আর ‘না’ ভোট মানে পরাধীনতা। দেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি তিনি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বর্জনের আহ্বান জানান।

টাউন হলের জনসভায় কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়। এ ছাড়া কুমিল্লা-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে ভোটারদের সমর্থন কামনা করা হয়।

স্থানীয় নেতারা জানান, চৌদ্দগ্রামের জনসভা শেষে জামায়াতের আমির কুমিল্লার আরও কয়েকটি উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জেলা ত্যাগ করবেন।