বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তা আটক হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এই তথ্য জানিয়েছেন।
জামায়াত আমির লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি হ্যাকের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আশা করি, ন্যায়বিচারও নিশ্চিত হবে। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য এ ধরনের আইনি উদ্যোগ অপরিহার্য। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সতর্ক হবে।
তিনি আরও লিখেছেন, এখান থেকে অনেকেই শিক্ষা নেবেন। আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য অপেক্ষায় আছি। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে জামায়াত আমিরের ডিভাইসে বিতর্কিত পোস্ট-সংক্রান্ত ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে।
ডিএমপি ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


