ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকায় যখন যেখানে জনসভা করবেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:১৫ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় আগামী দুই দিনে মোট ১৪টি নির্বাচনি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা মহানগর উত্তরের ছয়টি আসনে, এবং পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭সহ মহানগর দক্ষিণের মোট আটটি জনসভায় বক্তব্য রাখবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি আসনে অনুষ্ঠিত জনসভার বিষয়ে দলের নেতাকর্মীদের অবহিত করছেন।

রোববার, ৮ ফেব্রুয়ারি (ঢাকা উত্তর)

রোববার তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। 

  • ঢাকা-১৭: ইসিবি চত্বরে, দুপুর ২টা – নিজ নির্বাচনি এলাকা থেকে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন।
  • ঢাকা-১৬: পল্লবী ২ নম্বর ওয়ার্ড, লাল মাঠ, ২:৪০ মিনিট;
  • ঢাকা-১৫: মিরপুর-১০, গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, সাড়ে ৩টা;
  • ঢাকা-১৪: ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট, ৪:২০ মিনিট;
  • ঢাকা-১৩: শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠ, ৫:১০টা;
  • ঢাকা-১১: বাড্ডা সাতারকুল, সানভ্যালি মাঠ, সন্ধ্যা ৬টা

সোমবার, ৯ ফেব্রুয়ারি (ঢাকা উত্তর ও দক্ষিণ)

পরের দিন সোমবার তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় বক্তব্য রাখবেন। 

  • ঢাকা-১৭: বনানী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, সকাল ১১টা;
  • ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টা;
  • ঢাকা-৮: পীরজঙ্গী মাজার রোড, দুপুর ১টা;
  • ঢাকা-৯: মান্ডা তরুণ সংঘ মাঠ, দুপুর ২টা;
  • ঢাকা-৫: যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, বিকেল ৩টা;
  • ঢাকা-৪: জুরাইন-দয়াগঞ্জ রোড, বিকেল ৪টা;
  • ঢাকা-৬: ধুপখোলা মাঠ, বিকেল ৫টা;
  • ঢাকা-৭: লালবাগ, বালুর মাঠ, সন্ধ্যা ৬টা;

বিএনপি নেতারা জানিয়েছেন, এই জনসভাগুলোতে দলের চূড়ান্ত ইশতেহার উপস্থাপন করা হবে এবং ভোটারদের কাছে দলের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরা হবে। এ ছাড়া নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, জনসভাগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে।

রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের নির্বাচনি জনসভা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দল মনে করছে।