আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২৪ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের চেতনা বাস্তবায়নে বীর শহীদদের ত্যাগ স্মরণে কর্মসূচিগুলো পালনের আহ্বান জানান।
বিবৃতিতে নূরুল ইসলাম বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এ চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিশ্রুতিবদ্ধ। একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন; মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ; শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা; সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ; এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে বিভিন্ন পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার কার্যক্রম।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংগঠনের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাগুলোকে এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

