বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা।
রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে আমির হামজা লেখেন, ‘একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইনশাআল্লাহ।’
তিনি লেখেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।’
এর আগে, রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার বটতৈল মোড়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।
তারা বলেন, ‘মুফতি আমির হামজা একজন আলেম হয়ে কি এই ধরনের কথা বলতে পারেন? একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।’
এর আগে গত শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে।


