ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি : আমির হামজা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫৮ পিএম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা দাবি করেছেন, গত তিন দিনে মেডিকেল কলেজ-সংক্রান্ত বিষয়ে তিনি প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, শুধু মেডিকেল কলেজের জন্য তিন দিনে প্রায় ৫০ কোটি টাকার অফার পেয়েছি। কেউ জানবে না, আল্লাহ ছাড়া এমন প্রস্তাবও ছিল। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, ৫০ কোটি নয়, ১০০ কোটি দিলেও কিংবা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে একচুলও সরব না।

তিনি বলেন, দায়িত্বে পাঁচ বছর থাকলেও যেন অবৈধভাবে এক টাকাও না বাড়ে সে লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান। তার নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, বৈধ পথ ছাড়া অন্য কোনো পথে যাওয়ার সুযোগ নেই। সবার অংশগ্রহণে সৎভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।