ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাগজে-কলমে খাল খনন করেছিল স্বৈরাচার সরকার: দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত সময়ে স্বৈরাচার সরকার কাগজে-কলমে খাল খনন করেছে, কিন্তু বাস্তবে খালের চিত্র ভিন্ন ছিল। বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বে যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে। এতে কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ঢাকা-মানিকগঞ্জ খাল খননের মাধ্যমে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল।

দীর্ঘদিন পর তার উত্তরাধিকার হিসেবে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান খাল খননসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছেন।

দুলু আরও জানান, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মোয়াজ্জিনদের মাসিক ভাতা চালু করা হয়েছে।

দিনাজপুরের কাহালুতে খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সারাদেশে এই কার্যক্রম শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় এমপি ও মন্ত্রীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রম চালু হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এতে ২ কোটি ৬২ লাখ টাকার ব্যয়ে ৪.৮৫ কিলোমিটার খাল খনন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৪ (লালপুর-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন হুইপ দুলু।