ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে স্ট্যাটাসে হাসনাত লেখেন, ‘শহীদ আলহামদুলিল্লাহ’।
এর আগে এনসিপির আরেক নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
তিনি লেখেন, ‘বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!’
সারজিস গভীর শোক প্রকাশ করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
এনসিপি নেতা আরও বলেন, ওসমান হাদির জীবন ও সংগ্রাম জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অন্যায়, আধিপত্যবাদ ও শোষণের বিরুদ্ধে তার অবস্থান আগামী প্রজন্মকে সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
সারজিস আলম তার পোস্টে ওসমান হাদির আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন