পঞ্চগড়-১ আসনে পরিবর্তনের আহ্বান জানিয়ে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমের পক্ষে বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম সারজিস আলমকে ‘তারুণ্যের অকুতোভয় প্রতিনিধি’ হিসেবে উল্লেখ করেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, পঞ্চগড়-১ আসনের দীর্ঘদিনের অবহেলা, নদীভাঙন এবং সীমান্ত নিরাপত্তা সংকট নিরসনে এবার জোরালো পরিবর্তন প্রয়োজন। তার মতে, রাজপথের লড়াই থেকে উঠে আসা পরীক্ষিত সৈনিক সারজিস আলম কেবল একজন প্রার্থী নন, বরং তিনি এই জনপদের অধিকারবঞ্চিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর।
তিনি আরও দাবি করেন, দখলদারি, দুর্নীতি ও মাফিয়াতন্ত্রের হাত থেকে পঞ্চগড়ের নদী ও জমি রক্ষা এবং কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারজিস আলম আপসহীন অবস্থানে রয়েছেন। পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের কথাও উল্লেখ করেন নাহিদ ইসলাম।
পঞ্চগড়কে একটি আধুনিক ও মর্যাদাপূর্ণ জনপদে রূপান্তরের লক্ষ্যে শাপলা কলি প্রতীকে সারজিস আলমকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।


