ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনা চলছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে। ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের প্রাথমিক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মনোনীত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা।
এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, রমজানের পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। তা ধরে নিয়ে নিজেদের প্রার্থীতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি।
তারা জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় লাভ করলেও বেশ ভাল ভোট পেয়েছেন তারা। জুলাই গণ-অভূত্থ্যানের স্পিরিট ধরে রাখতে তরুণ নেতৃত্ব সামনে আনতে কাজ করছেন তারা।
উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভুত্থ্যানের সম্মুখসারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ চব্বিশের অভূত্থ্যান পরবর্তী অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাককালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পরবর্তী সময়ে জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাছাড়া ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে।


