জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর ঘটনা দেখে কষ্ট পেয়েছেন বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, অমর একুশে বইমেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দৌড়াতে দেখা গেছে। বিষয়টি তার কাছে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
যদিও ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, রাকিব প্রোটোকল রক্ষায় ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করছিলেন।
এ সময় সারজিস আলম আরও বলেন, তার (রাকিব) নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। একজন ছাত্রনেতা হিসেবে এ ধরনের আচরণ সম্মানজনক নয়। এমন দৃশ্য আওয়ামী লীগের সময়েও দেখিনি।
সারজিস আলম ছাত্রদলের উদ্দেশে আহ্বান জানান, ছাত্ররাজনীতিতে নতুন মানদণ্ড গড়ে তুলতে হবে এবং এমন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে হবে যা ভবিষ্যতের ছাত্ররাজনীতির জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে তিনি বলেন, দেশে নতুন রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল পূর্ববর্তী সরকারের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের বদলে ‘অভিনয় প্রতিযোগিতা’ চলছে। তিনি ছাত্রশক্তিকে সংগঠিত হয়ে সমঝোতার রাজনীতি, অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তি প্রতিরোধের আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন