ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না : সারজিস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:০৩ পিএম
এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কোনো রাজনৈতিক দলের ব্যানারে দেখতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, অতীতে ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নেওয়া হলেও পরবর্তীতে সেগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে নিজেদের স্বার্থে এসব প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে অভিযুক্ত ব্যক্তিরা জামিনে বের হয়ে আসছে এবং এতে শহীদ পরিবার ও আন্দোলনের অংশগ্রহণকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এনসিপির এই সংগঠক বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। তাদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, কোনো দলের প্রভাব বা স্বার্থে নিজেদের অবস্থান দুর্বল না করে দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে থাকার।

তিনি বলেন, এই ঐক্য বজায় থাকলে আন্দোলনের মূল লক্ষ্য অক্ষুণ্ন থাকবে এবং দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।