ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হামে শিশুমৃত্যুর দায় সরকারকে নিতে হবে : নাহিদ ইসলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৬:৪৬ এএম
ছবি : সংগৃহীত

দেশে হামের প্রকোপে শিশুদের মৃত্যুর ঘটনাকে সরকারের ‘চরম ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, হাম পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে এবং দ্রুত ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ বা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা উচিত।

শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে খাদ্য ও জ্বালানিসহ একাধিক সংকট চলছে, যা মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এর মধ্যে সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং ইতোমধ্যে শতাধিক শিশু হাম ও হামের উপসর্গে মারা গেছে বলে দাবি করেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি হাসপাতালকে শুধুমাত্র হামের চিকিৎসার জন্য বিশেষায়িত করার দাবি জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, জাতীয় সংসদেও এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে সরকার পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো অব্যবস্থাপনা থাকলে তার বিচার হওয়া উচিত। তবে বর্তমান সরকারকেও জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তব্যে তিনি গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যিক চুক্তি সংসদে আলোচনা ছাড়া সম্পন্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের সমালোচনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও নদীর পানির ন্যায্য হিস্যা রক্ষায় প্রয়োজনে ‘সীমান্ত লংমার্চ’ কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।