চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, চট্টগ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দি অবস্থায় চরম কষ্টে দিন কাটালেও এই সংকটময় মুহূর্তে স্থানীয় প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ত্রুটিপূর্ণ বেড়িবাঁধের কারণে এখানে কয়েক বছর ধরে পানি জমছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধ প্রকল্পের বিপুল বাজেট নিয়ে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এবারের বাজেটের একটি টাকাও আমরা দুর্নীতি হতে দেব না।
চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি জানান, আনোয়ারার পর বাঁশখালীসহ দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকাগুলোতে দলের পক্ষ থেকে পর্যায়ক্রমে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলমসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

