শেখ হাসিনার বিচার এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর সারাইগাছী মোড়ে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্টের পর যাদের পকেটে সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড ও দোকানপাট দখলের টাকা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা টাকা রেখে বঙ্গোপসাগরের দিকে পালাবে। যদি রাষ্ট্র সংস্কার না হয় এবং শেখ হাসিনার বিচার না হয়, তবে আমরা বিএনপি সরকারের পতন ঘটাব। আমরা সরকার গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের ফাঁসি কার্যকর করব এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করব।
হাসিনা সরকারের পতন-পরবর্তী পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, খুনি হাসিনা ১,৪০০ মানুষকে হত্যা করে পালিয়ে গেলেও আমরা এখনো তাঁর বিচার করতে পারিনি। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনির মতো যারা বর্তমানে কারাগারে রয়েছেন, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আমরা আবু সাঈদের রক্তের বিচার চাই।
তিনি আরও বলেন, সভ্য বাংলাদেশ গড়তে এনসিপি সবার সঙ্গে ভদ্র আচরণ করছে। তবে এই সুযোগে কেউ বাড়াবাড়ি করলে তাদের কীভাবে টেনে নামাতে হয়, তা আমাদের জানা আছে।
দেশের বন্যা পরিস্থিতি ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দক্ষিণবঙ্গে বন্যায় ৩৯ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। অথচ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে শুধু নির্বাচনের আগেই সক্রিয় দেখা গেছে। বন্যাকবলিত মানুষের পাশে তাঁকে একদিনও দেখা যায়নি। নির্বাচনের পর তারা কেবল দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও সীমান্ত ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ভারতের বিজেপি ও আরএসএসের গুন্ডাবাহিনীকে হুঁশিয়ার করে দিতে চাই, এ দেশের মানুষ ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালে লড়াই করেছে। আপনাদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। আমরা কখনোই ভারতের সেবাদাস হব না।
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বক্তব্য রাখেন।

