ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় প্রাণ দিলেন তরুণী

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি : সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা প্রত্যাশা মতো না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামের নিজ বাড়িতে নিজের কক্ষে সিলিংয়ের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

নিহত তরুণীর নাম দিশা রানী মহন্ত। তিনি গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে এবং পুঠিয়া উপজেলার ধোগড়াকুল ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন প্রশান্ত কুমার জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। চলতি বছর পুনরায় পরীক্ষায় অংশ নিলেও পরীক্ষা ভালো না হওয়ায় তিনি আরও হতাশ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

পরিবারের সদস্যরা জানান, দিশার মা তাকে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মেয়েকে হারিয়ে মায়ের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।

দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।