ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

রোববার (১২ জুলাই) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারির সামনে অভিযান চালিয়ে মো. সজীব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মিজমিজি মাইজপাড়া এলাকার সানাউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মিজমিজি এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্য সজীবকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী মইন মিয়া (২৫), ইব্রাহিম ওরফে আকাশ (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত সজীবের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, ছয় রাউন্ড তাজা গুলি, তিনটি ধারালো রামদা, একটি টর্চলাইট এবং ঢাকা মেট্রো-চ ২০-৫২৫৭ নম্বরের একটি পুরোনো কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা সংঘবদ্ধভাবে এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃত সজীব এবং পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।