ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মুজিববর্ষ উদযাপনে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা ব্যয়: অর্থমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৫৬ পিএম
সংসদে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে রংপুর-৩ আসনের বিরোধী দলের সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হয়েছে। এর মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন, সরকারি দপ্তরে প্রতিকৃতি ও স্মৃতিফলক স্থাপন, ব্রোঞ্জ, তামা ও মার্বেলের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয় উদ্যোগে ডিজিটাল কাউন্টডাউন বোর্ড স্থাপনের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

একই সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষের ব্যয় নিয়ে নিরীক্ষা, তদন্ত বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, বিষয়টি শুধু মুজিববর্ষের ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন খাতে আরও অনেক ব্যয় হয়েছে। সরকার এসব বিষয় সামগ্রিকভাবে পর্যালোচনা করছে।

অর্থমন্ত্রী বলেন, ‘এটি শুধু মুজিববর্ষ নয়, আরও অনেক বিষয় রয়েছে। আমরা সবকিছু পর্যালোচনা করছি।’

তিনি আরও বলেন, সরকারি ব্যয়ের বিভিন্ন খাত মূল্যায়ন করা হচ্ছে। মূল্যায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা সব বিষয় পর্যালোচনা করছি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সম্পূরক প্রশ্নে জানতে চাওয়া হয়, মুজিববর্ষের ব্যয় নিয়ে সরকার কোনো নিরীক্ষা বা তদন্ত শুরু করেছে কি না এবং সরকারি অর্থের অপব্যবহার বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে কি না।

এ ছাড়া ভবিষ্যতে কোনো ব্যক্তির প্রচারের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় রোধে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়েও জানতে চান ওই সংসদ সদস্য।

জবাবে অর্থমন্ত্রী জানান, এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকার সার্বিক বিষয় পর্যালোচনা করছে এবং মূল্যায়ন শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।