ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কক্সবাজারে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়া সেই হাতিটি মারা গেছে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে খাবারের সন্ধানে এসে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া মা বন্যহাতিটি মারা গেছে। রোববার (১২ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় শনিবার সকালে হাতিটি পা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এতে হাতিটির পেছনের দুটি পা ভেঙে যায় এবং পেটের একটি অংশে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।

খবর পেয়ে বন বিভাগ, টেকনাফ উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এবং ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসকেরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে চিকিৎসা দেন। আহত হাতিটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি।

বন বিভাগের টেকনাফ রেঞ্জের কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আহত হাতিটিকে প্রাণে বাঁচাতে টেকনাফ উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ও ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু গুরুতর আঘাতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা কার্যক্রম শুরু করে। সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে নিবিড় পরিচর্যা ও প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে রোববার সকালে হাতিটি মারা যায়।

বনকর্মীরা জানান, মা হাতিটিকে প্রায়ই নেটং পাহাড় ও পাশের দমদমিয়া পাহাড়ি এলাকায় বিচরণ করতে দেখা যেত। শনিবার দুপুরেও হাতিটি নেটং পাহাড় এলাকায় খাবারের সন্ধানে এসেছিল। সেখানেই দুর্ঘটনার শিকার হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়।