ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাউবি উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রপরিচালনার ইতিহাসে এক প্রজ্ঞাবান, দূরদর্শী, সৎ ও আদর্শনিষ্ঠ ব্যক্তিত্ব। ভাষা আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে তার সুদীর্ঘ অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি বিচক্ষণতা, প্রজ্ঞা, সততা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি গণতন্ত্র, আইনের শাসন, জনগণের অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

উপাচার্য আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক, অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব এবং নীতিনিষ্ঠ রাজনীতিবিদ। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তার কর্মময় জীবন, প্রজ্ঞা, সততা ও দেশসেবার আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং নিবেদিতপ্রাণ দেশপ্রেমিককে হারালো। এই ক্ষতি দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, মহান আল্লাহ তাআলা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীদের এই শোক সইবার শক্তি দান করুন। তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১২ জুলাই, রোববার রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।