ফরিদপুর-৪ আসনে জামায়াতকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। ১১ দলীয় জোটের এই আসনটি উন্মুক্ত থাকায় এতদিন নির্বাচনি মাঠে দুজন প্রার্থীই প্রচার চালিয়ে আসছিলেন। শেষ পর্যায়ে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানান মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। এ সময় দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন, এনসিপি নেতা আশরাফসহ জোটের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাওলানা মো. মিজানুর রহমান বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকলেও ফরিদপুর-৪ আসনটি উন্মুক্ত রাখায় দুই দলের দু’জন প্রার্থী নির্বাচনি লড়াই চালিয়ে যাচ্ছিলাম। এতে দল ও ইসলামের বিজয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই উপলব্ধি থেকেই তাকে (দাঁড়িপাল্লার প্রার্থীকে) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছি। এখন আমাদের বিজয়ের পথে আর কোনো বাধা নেই, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি আমার আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। দেড় বছর ধরে গুছিয়ে তোলা ফরিদপুর-৪ আসনের নির্বাচনি মাঠে আমি একমাত্র ইসলামের স্বার্থ ও জোটের সম্মান রক্ষার কথা বিবেচনা করে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন বলেন, ফরিদপুর-৪ আসনে ১১ দলের দুইজন প্রার্থী নির্বাচনি মাঠে ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী, আমার জোটের ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছেন। এখন আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমরা দু’জনে মিলে ন্যায় ও ইনসাফের নীতিতে সমাজ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন