ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ার ভিসা আবেদন আরও ব্যয়বহুল, নতুন ফি কার্যকর

শিপন আহমদ, সিডনি, অস্ট্রেলিয়া
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

নতুন অর্থবছরের শুরুতে অস্ট্রেলিয়া ভিসা আবেদনকারীদের জন্য নতুন ফি কাঠামো কার্যকর করেছে। ১ জুলাই থেকে দেশটির অধিকাংশ প্রধান অস্থায়ী ও স্থায়ী ভিসা শ্রেণির আবেদন ফি বৃদ্ধি পেয়েছে। কোথাও প্রায় ২৫ শতাংশ, আবার কিছু নির্দিষ্ট ভিসা শ্রেণিতে ২০০ শতাংশেরও বেশি ফি বাড়ানো হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্যনুযায়ী জানা গেছে, শিক্ষার্থী ভিসার আবেদন ফি ২,০০০ ডলার থেকে বেড়ে ২,৫০০ ডলার হয়েছে। ইংরেজি ভাষা শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২,০৫০ ডলার। একই সঙ্গে অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসার আবেদন ফি ৪,৬০০ ডলার থেকে ৫,৭৫০ ডলারে উন্নীত হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে এই ভিসার ফি ২,৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪,৬০০ ডলার করা হয়েছিল।

পরিবারভিত্তিক অভিবাসনের আওতায় পার্টনার ভিসার আবেদন ফি ৯,৩৬৫ ডলার থেকে বেড়ে ১১,৭১০ ডলারে পৌঁছেছে। দক্ষ কর্মীদের জন্য স্কিলস ইন ডিমান্ড ভিসার ফি ৩,২১০ ডলার থেকে ৪,০১৫ ডলার এবং ওয়ার্কিং হলিডে ভিসার আবেদন ফি ৬৭০ ডলার থেকে ৮৪০ ডলার করা হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে কয়েকটি বিশেষ ভিসা শ্রেণিতে। ব্রিজিং ভিসা বি-এর আবেদন ফি ১৯০ ডলার থেকে বেড়ে ৫৭৫ ডলার হয়েছে, যা প্রায় ২০৩ শতাংশ বৃদ্ধি। রেসিডেন্ট রিটার্ন ভিসার ফি ৪৯০ ডলার থেকে বেড়ে ১,৪৭৫ ডলার হয়েছে, যা প্রায় ২০১ শতাংশ বৃদ্ধি। এ ছাড়া নিউজিল্যান্ডের নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত বিশেষ ভিসার আবেদন ফি ৪৪৫ ডলার থেকে ১,৩৩০ ডলারে উন্নীত হয়েছে।

নতুন অর্থবছরের সঙ্গে দক্ষ কর্মী নিয়োগে আয়ের ন্যূনতম সীমাও সংশোধন করা হয়েছে। অস্থায়ী দক্ষ অভিবাসন এবং মূল দক্ষতা আয়ের সীমা বছরে ৭৯,৪২৩ ডলার নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞ দক্ষতা ধারার ক্ষেত্রে এই সীমা বেড়ে হয়েছে বছরে ১,৪৬,৫৭৬ ডলার।

এদিকে, ভিসা আবেদন প্রত্যাখ্যাত হলে প্রশাসনিক পর্যালোচনার জন্য আবেদন ফি এখন ৩,৭২৭ ডলার। ফেডারেল কোর্টে মামলা দায়েরের ফিও বাড়িয়ে ৪,১৮০ ডলার করা হয়েছে।

ফি বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন শিল্পখাতের সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, বাড়তি আবেদন ব্যয় আন্তর্জাতিক শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং পর্যটকদের জন্য অস্ট্রেলিয়াকে তুলনামূলক কম আকর্ষণীয় করে তুলতে পারে, যা দীর্ঘমেয়াদে দেশের প্রতিযোগিতামূলক অবস্থানের ওপর প্রভাব ফেলতে পারে।

স্বরাষ্ট্র দপ্তরের নতুন বিধিমালা অনুযায়ী, ১ জুলাই থেকে জমা দেওয়া সব আবেদন নতুন ফি অনুযায়ী গ্রহণ করা হবে। তবে এর আগে দাখিল করা আবেদনগুলো আগের ফি কাঠামোর আওতায়ই প্রক্রিয়াকরণ করা হবে।