ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

প্যারিসে ভিভাটেক সম্মেলন শুরু, আলোচনার কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা

শাহ সুহেল আহমদ, প্যারিস (ফ্রান্স)
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১২:২১ পিএম
ছবি : সংগৃহীত

ইউরোপের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক (VivaTech) ২০২৬ বুধবার (১৭ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে। চার দিনব্যাপী এ আয়োজনের ১০ম বার্ষিকী সংস্করণে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা অংশ নিয়েছেন।

প্যারিস এক্সপো পোর্ত দ্য ভার্সাই প্রাঙ্গণে অনুষ্ঠিত এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত সার্বভৌমত্ব (টেক সোভরেইনটি), সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য প্রযুক্তি, গ্রিনটেক এবং ভবিষ্যতের উদ্ভাবন। আয়োজকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের প্রেক্ষাপটে ইউরোপের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণের প্রশ্নই এবারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো স্টার্টআপ তাদের উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শন করছে। একই সঙ্গে প্রযুক্তি খাতের বড় বড় বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা নতুন অংশীদারত্ব এবং বিনিয়োগের সম্ভাবনা খুঁজছেন।

এবারের ভিভাটেকে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মিস্ত্রাল এআই-এর প্রধান আর্থার মেঁশসহ প্রযুক্তি বিশ্বের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রভাবের মুখে ইউরোপ কীভাবে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামো গড়ে তুলবে, তা নিয়ে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউরোপীয় প্রযুক্তিগত স্বনির্ভরতা বা ‘টেক সোভরেইনটি’ বিষয়টি সম্মেলনের বিভিন্ন সেশন ও আলোচনায় গুরুত্বের সঙ্গে উঠে আসছে।

এদিকে, এবারের ভিভাটেকে ভারতকে ‘এআই পার্টনার কান্ট্রি’ হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ভারতীয় স্টার্টআপ ও প্রযুক্তি উদ্ভাবনের প্রদর্শনীও অংশগ্রহণকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সম্মেলনের দ্বিতীয় দিনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের অংশগ্রহণকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইউরোপের ভবিষ্যৎ প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।