বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমবাহী ট্রাকের চালক মো. আনোয়ার হোসেন (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকটির হেলপার মো. হৃদয় (২৫)।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দুপচাঁচিয়া পৌরসভার তিশিগাড়ি এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত পৌনে ৩টার দিকে তিশিগাড়ি এলাকায় একটি আমবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় আমবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হন ট্রাকটির হেলপার মো. হৃদয়। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমলাপুকুরিয়া গ্রামের মো. আকবর শেখের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত আছেন।
দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই রায়হান কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


