ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৩৯ হাজি, মৃত্যু ৫২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১১:০০ এএম
ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৩৯ জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটে হাজিদের দেশে আনা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।

হজ অফিস সূত্র জানায়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৪ হাজার ৩২০ জন।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া সর্বশেষ তথ্যানুযায়ী ১৬ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

অন্যদিকে, সৌদি আরবে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত মেডিকেল সেন্টারগুলো ৬৫ হাজার ৮৮৮ জনকে সেবা দিয়েছে। এছাড়া মক্কা ও মদিনায় পরিচালিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৬৭ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে শুরু হয় ফিরতি ফ্লাইট, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।