পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর এই সভা অনুষ্ঠিত হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এই সভায় দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে কিনা, তা পর্যালোচনার পর রোজা শুরুর তারিখ ঘোষণা করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচে উল্লিখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১
আজ যদি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যায়, তবে আগামীকাল থেকে বাংলাদেশে রোজা শুরু হবে এবং আজ রাতে এশার নামাজের পর তারাবিহ শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে আগামীকাল শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রোজা শুরু হবে পরদিন থেকে।
উল্লেখ্য, গতকাল সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গিয়েছে। আজ থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সংগতি রেখে চাঁদপুরের কয়েকটি গ্রামে ইতোমধ্যে রোজা শুরু হয়েছে।


