বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন, তার নেক আমল কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। ওই সময় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক ধকলের কারণে তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়েন।
পরবর্তীতে গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন এবং শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন।
তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি যুগের অবসান ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

