বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের সংসদ সদস্য (এমপি) রোশনারা আলী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় রোশনারা আলী লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্রিটেনের এই এমপি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ইতিহাস সৃষ্টি করেছেন।
শিক্ষা বিস্তার, দারিদ্র্য বিমোচন এবং দেশের উন্নয়নে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
রওশনারা আলী বলেন, যুক্তরাজ্য সফরের সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার একাধিক সাক্ষাৎ হয়েছিল, যা তিনি আজীবন ভালোবাসার সঙ্গে স্মরণ করবেন। যুক্তরাজ্য ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রতি বেগম খালেদা জিয়ার বিশেষ ভালোবাসা ও আন্তরিকতার কথাও শোকবার্তায় তুলে ধরেন তিনি।

