বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান তার ৬০তম জন্মদিন উদযাপন করেছেন একান্ত পারিবারিক আয়োজনে। ২৭ ডিসেম্বর মহারাষ্ট্রের পানভেলে নিজের ফার্মহাউসে ঘনিষ্ঠ মানুষদের নিয়ে শান্ত পরিবেশে জন্মদিন কাটান তিনি। বড় কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গেই দিনটি উদযাপন করেন সালমান।
এই ব্যক্তিগত আয়োজনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে ধোনির উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ক্রিকেট ও সিনেমা জগতের দুই জনপ্রিয় তারকার এমন মিলন ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।
সালমান খানের সঙ্গে ধোনির বন্ধুত্ব বহুদিনের। জন্মদিনের অনুষ্ঠানে শুরুতেই উপস্থিত হন সালমানের বোন অর্পিতা শর্মা ও ভগ্নিপতি আয়ুশ শর্মা। পরে যোগ দেন তার বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানসহ খান পরিবারের অন্যান্য সদস্য।
এ ছাড়া অভিনেতা রণদীপ হুদা স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। পুরো আয়োজনটি ছিল পরিবারকেন্দ্রিক ও আন্তরিক, যা সালমান খানের সাম্প্রতিক জীবনদর্শনের প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
চলচ্চিত্রাঙ্গনে এখনো ব্যস্ত সময় পার করছেন সালমান খান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘সিকান্দার’ সিনেমায়। সামনে রয়েছে যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’।
২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘাত অবলম্বনে নির্মিত এই ছবিতে একজন ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন তিনি। শিগগিরই ছবিটির পোস্টার ও টিজার প্রকাশের কথা রয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন আইপিএলে তিনি আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন