আইপিএলে বড় অঙ্কের মূল্যেই দল পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক জটিলতার প্রভাব পড়ে তার আইপিএল যাত্রায়। বিসিসিআইয়ের অনুরোধে শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।
এই সুযোগ হাতছাড়া করেনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির ১১তম আসরে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। মঙ্গলবার পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, ‘ব্যাটাররা সতর্ক হও, মুস্তাফিজ আসছে।’
তবে এখনো নিশ্চিত হয়নি, পিএসএলের কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পিএসএলে খেলার জন্য ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন মুস্তাফিজ। নিলামে তিনি শীর্ষ ক্যাটাগরিতে রয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম, যেখানে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে একাধিক দল।
এদিকে পিএসএলের ১১তম আসরে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন দল। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার প্রক্রিয়ায় ইনভেলেক্স সোলার এনার্জি এবং ওজি গ্রুপ অব কোম্পানিসকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। নতুন দলগুলোর জন্য নিলাম অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। ফলে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিও আগেভাগে মুস্তাফিজকে দলে ভেড়ানোর পরিকল্পনা করতে পারে।
আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএলের নতুন মৌসুম, যেদিন একই সঙ্গে আইপিএলও শুরু হওয়ার সূচি রয়েছে। পিএসএল চলবে ৩ মে পর্যন্ত, আর আইপিএল শেষ হবে মে মাসের শেষ দিকে। আইপিএল থেকে নাম প্রত্যাহারের পর পিএসএলে খেলার জন্য এজেন্টের মাধ্যমে ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজ, যা তার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন