ক্রীড়াবিশ্বের সীমানা ছাড়িয়ে আবারও প্রমাণিত হলো—মহাপ্রতিভারা একে অপরের গুণমুগ্ধ অনুসারী। টেনিস কোর্টের ‘রাজপুত্র’ রজার ফেডেরার ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির প্রতি তার গভীর শ্রদ্ধা ও মুগ্ধতা প্রকাশ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনার সময় ফেডেরার মেসির ক্যারিয়ার এবং তার প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেন।
ফেডেরার এবং মেসি—উভয়েই নিজ নিজ খেলাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে দুজনের মধ্যে শ্রেষ্ঠত্বের তুলনা করতে নারাজ ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
ফেডেরার বলেন, আমাদের দুজনের তুলনা করা কঠিন। মেসি ফুটবলে যা অর্জন করেছেন, তা সত্যিই অসাধারণ। আমি তার খেলার একজন অনেক বড় ভক্ত। তার খেলার ধরন এবং মাঠে প্রভাব তৈরির ক্ষমতা আমাকে সবসময় মুগ্ধ করে।
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়কে মেসির ক্যারিয়ারের সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত হিসেবে দেখেন ফেডেরার। তার মতে, ওই জয়টি মেসির কাঁধ থেকে অনেক বড় এক বোঝা নামিয়ে দিয়েছে।
ফেডেরার আরও বলেন, আমি ভীষণ খুশি যে সে ইতিমধ্যে বিশ্বকাপ জিতেছে। এর ফলে ২০২৬ বিশ্বকাপে তার ওপর সেই পাহাড়সম চাপটি আর থাকবে না। যদিও বিশ্বকাপের মঞ্চে খেলার চাপ সবসময়ই থাকে, তবে এখন সে অনেক বেশি নির্ভার হয়ে খেলতে পারবে।
পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার পর ফেডেরার এখন খেলাধুলার একজন একনিষ্ঠ দর্শক। আসন্ন ২০২৬ বিশ্বকাপ নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত।
নিজের দেশের দল প্রসঙ্গে তিনি জানান, ২০২৬ বিশ্বকাপ আমি অবশ্যই দেখব। যেহেতু আমার দেশ সুইজারল্যান্ডও যোগ্যতা অর্জন করেছে, তাই হয়তো আমি গ্যালারিতে উপস্থিত থেকে খেলা উপভোগ করব।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন