মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ চলল ১৮ বছর বয়সী এক আফগান তরুণের ব্যাটিং প্রদর্শনী। বিপিএল থেকে আগেই ছিটকে পড়া নোয়াখালী এক্সপ্রেসকে তাদের শেষ ম্যাচে এক স্মরণীয় জয় উপহার দেওয়ার মঞ্চ গড়ে দিলেন হাসান ইসাখিল।
আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির ছেলে ইসাখিলের দানবীয় সেঞ্চুরিতে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭৩ রানের বিশাল সংগ্রহ পেয়েছে নোয়াখালী।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো ছিল না নোয়াখালীর। পাওয়ার প্লে-তে মাত্র ৩৩ রান তুলতেই হারিয়ে ফেলে ওপেনার রহমতউল্লাহকে। ১০ ওভার শেষে দলের স্কোর ছিল ২ উইকেটে মাত্র ৪৭ রান। মিরপুরের মন্থর উইকেটে তখন মনে হচ্ছিল দেড়শ রান ছোঁয়াই কঠিন হবে।
১১তম ওভার থেকে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ইসাখিল। বিশেষ করে ইনিংসের শেষ ৫ ওভারে রংপুরের বোলারদের ওপর দিয়ে রীতিমতো টর্নেডো বইয়ে দেন তারা।
এই সময় তারা স্কোরবোর্ডে যোগ করেন ৭৫ রান। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে মাত্র ৬৭ বলে গড়ে ওঠে শতরানের জুটি।
নিজের অভিষেক ম্যাচে ৯২ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছিলেন ইসাখিল। আজ আর সেই আক্ষেপ থাকেনি। যদিও ব্যক্তিগত ৮৬ রানে ক্যাচ দিয়ে একবার জীবন পেয়েছিলেন, তবে সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এই সেঞ্চুরির মাধ্যমে বেশ কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন এই আফগান তরুণ, বিপিএলের ইতিহাসে প্রথম আফগান ব্যাটার হিসেবে সেঞ্চুরির নজির। এবং চলতি বিপিএলে নাজমুল হোসেন শান্তর পর দ্বিতীয় সেঞ্চুরিয়ান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন