সাফের বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ মানেই এক অদম্য শক্তির নাম। টুর্নামেন্টের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অংশগ্রহণ করা প্রায় সবকটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছেন বাংলার বাঘিনীরা। ছয়বার ফাইনালে উঠে পাঁচবারই শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করেছেন তারা।
সেই সাফল্যের ধারা বজায় রেখে আজ ৭ ফেব্রুয়ারি আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল।
নেপালের পোখারা শহরে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ইয়ারজান, অর্পিতা, প্রীতিলতারা।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল অংশ নিয়েছে। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ইতোমধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ। লিগ পর্বের ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছে তারা। ফাইনালে সেই আত্মবিশ্বাসই মূল চালিকাশক্তি।
তবে ভারতও ছেড়ে দেবে না! লিগ ম্যাচে হারের ক্ষত নিয়ে মাঠে নামছে তারা। নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে ফাইনালে আসা ভারত এবার আর কোনো ভুল করতে চায় না। দুই গোল হজম করে শোধ দিতে না পারার ব্যর্থতা ভুলে তারা প্রতিশোধ নিতে মরিয়া।
বয়সভিত্তিক ফুটবলে ভারত ও নেপাল বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হলেও, আধিপত্য বরাবরই বাংলাদেশের। বিগত বছরগুলোর পরিসংখ্যান সেটাই বলছে...
২০১৮ (অনূর্ধ্ব-১৮) : চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০২১ (অনূর্ধ্ব-১৯) : চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০২২ (অনূর্ধ্ব-১৮) : চ্যাম্পিয়ন ভারত (রানার্সআপ বাংলাদেশ)
২০২৩ (অনূর্ধ্ব-২০) : চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০২৪ (অনূর্ধ্ব-১৯) : চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০২৫ (অনূর্ধ্ব-২০) : চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরিসংখ্যান বলছে, বয়সভিত্তিক ফুটবলে ভারত সব সময়ই বাংলাদেশের কাছে কিছুটা পিছিয়ে। ২০২২ সালে ভারতের জামসেদপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ সাফের গ্রুপ পর্বে বাংলাদেশ হারলেও ফাইনালে ঠিকই ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।
লিগ পর্বে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ চায় ফাইনালকে একটি ‘নতুন শুরু’ হিসেবে গণ্য করতে। দলের ফুটবলাররা—ইয়ারজান, অর্পিতা, জয়নব, সুরভী, মুনকি, মামনি, আলপি, পূজা ও প্রীতিরা—শিরোপা জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন