আসন্ন বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন হুয়ান লাপোর্তা। ক্লাবের গঠনতন্ত্র মেনে পুনর্নির্বাচনে বৈধ প্রার্থী হওয়ার জন্য এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে তার পদত্যাগপত্র গৃহীত হয়।
একই সাথে, আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য বার্সেলোনার বোর্ড নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।
গত ২০২১ সালের মার্চ থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসা লাপোর্তার এই পদত্যাগ মাঠের পারফরম্যান্স বা ক্লাবের বর্তমান আর্থিক অবস্থার কারণে নয়।
মূলত, ক্লাবটির গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী, পুনরায় নির্বাচনে দাঁড়াতে হলে একজন আসীন সভাপতিকে নির্দিষ্ট সময় আগে পদত্যাগ করতে হয়। সেই সাংবিধানিক নিয়ম মেনেই দায়িত্ব ছেড়েছেন লাপোর্তা, যাতে তিনি পুরোদমে নির্বাচনী প্রচারণায় মনোযোগ দিতে পারেন।
লাপোর্তার পদত্যাগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ে থাকছেন তার দীর্ঘদিনের প্রতিপক্ষ ভিক্তর ফন্ত। এছাড়া প্রেসিডেন্ট পদের দৌড়ে জাভি ভিয়াহোয়ানা ও মার্ক সিরিয়ার মতো প্রার্থীরাও রয়েছেন বলে জানা গেছে।
লাপোর্তার সাথে তার নির্বাহী কমিটিরও উল্লেখযোগ্য সংখ্যক সদস্য পদত্যাগ করেছেন। এর ফলে ক্লাবের পরিচালনা পর্ষদে তাৎক্ষণিক পুনর্গঠন শুরু হয়েছে।
ক্লাবের ধারাবাহিকতা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বার্সেলোনা তাদের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ভাইস-প্রেসিডেন্ট রাফা ইউস্তেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। তিনি বর্তমান মেয়াদের শেষ পর্যন্ত, অর্থাৎ আগামী ৩০ জুন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন