বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর দীর্ঘমেয়াদে এই পদে থাকতে চাচ্ছেন না। ২৮ ফেব্রুয়ারি তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি চুক্তি নবায়ন করতে ইচ্ছুক নন।
তবে বিসিবি তাকে এখনই ছাড়তে চাইছে না। সূত্র জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে তাকে আরও দুই-তিন মাস দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে। গাজী আশরাফও জানিয়েছেন, অল্প সময়ের জন্য হলে তিনি দায়িত্ব চালিয়ে যেতে আপত্তি করবেন না। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
গাজী আশরাফের দীর্ঘমেয়াদে থাকা-না থাকা নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন জানিয়েছেন, মাস শেষ হলে বোর্ডের চাহিদা এবং তার ব্যক্তিগত ইচ্ছার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব ছাড়ার পেছনে গাজী আশরাফ ব্যক্তিগত ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। তিনি বোর্ডকে জানিয়েছেন, আগামী বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়বেন।
তা ছাড়া চলতি বছরের বাকি ১০ মাসের একটি বড় সময় তাকে দেশের বাইরে থাকতে হবে।
এ বিষয়ে গাজী আশরাফ বলেন, আমার জন্য কোনো লম্বা চুক্তিতে যাওয়া সম্ভব নয়। যদি আমার সীমিত সক্ষমতার মধ্যে বোর্ডের কোনো সাহায্য দরকার হয়, আমি তা করতে পারি, নয়তো আমি চলে যাওয়ার (দায়িত্ব ছাড়ার) জন্য তৈরি আছি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন