বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তার চুক্তির মেয়াদ না বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বিসিবির রাডারে এখন সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই দায়িত্বে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এরই মধ্যে বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের অনাগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি। লিপুর অধীনে বাংলাদেশ দল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজে সাহসী সিদ্ধান্ত দেখিয়েছে, তাই তার চলে যাওয়া বোর্ডের জন্য বড় এক শূন্যতা তৈরি করছে।
লিপুর বিকল্প হিসেবে বিসিবি খুব বেশি দূরে তাকায়নি। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকেই পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে প্রথম পছন্দ মনে করছে বোর্ড। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।
১৮ ফেব্রুয়ারি গণমাধ্যমকে হাবিবুল বাশার সুমন জানান, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’
হাবিবুল বাশার সুমনের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বিসিবির প্রস্তাবে ইতিবাচক হাবিবুল বাশার, শিগগিরই সে সিদ্ধান্ত জানিয়ে দেবেন বোর্ডকে।
এদিকে, হাবিবুল বাশার নির্বাচক হিসেবে মোটেও নতুন নন। তার দীর্ঘ অভিজ্ঞতার ঝুলিই তাকে এই পদের দৌড়ে এগিয়ে রেখেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন