বাংলাদেশের ফুটবল নতুন উদ্দীপনায় জেগে উঠেছে। হামজা চৌধুরী ও সামিত সোমের মতো নতুন খেলোয়াড়দের যোগদানের পর দল যেন নতুন প্রাণ পেয়েছে। মাঠের পারফরম্যান্সও তা প্রমাণ করছে—লাল-সবুজের খেলোয়াড়রা প্রতিটি মুহূর্তে লড়াই করছে।
যদিও এএফসি এশিয়ান কাপে সুযোগ পাননি, তবু হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ দল প্রতিটি ম্যাচে সেরাটা দিয়েছে। সর্বাধিক আলোচিত অর্জন হলো, ২২ বছর পর ভারতকে হারানো, যা দলকে আত্মবিশ্বাসের নতুন মাত্রা দিয়েছে।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও বাংলাদেশের এই উন্নতি লক্ষ্য করেছে। ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ছবি পোস্ট করে তারা প্রশ্ন তুলেছে, ‘দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল পরাশক্তি?’ সঙ্গে বাংলাদেশের পতাকার ইমোজি ব্যবহার করা হয়েছে।

ফেসবুক পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও এসেছে মিশ্রভাবে। অনেকেই সমর্থন জানিয়ে বলছেন, “এখন শুধু দক্ষিণ এশিয়ার নয়, কিছুদিনের মধ্যে এশিয়ার এবং ভবিষ্যতে বিশ্বেরও পরাশক্তি হয়ে উঠবে, ইনশাআল্লাহ।”


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন