টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর ঘরের ফেরার কথা থাকলেও কলকাতায় আটকা পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সদস্যরা। তেহরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সৃষ্ট বিমান চলাচল সংকটে গত কয়েক দিন ধরে শহর ছাড়তে পারছেন না ক্যারিবীয় ক্রিকেটাররা।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) বৃহস্পতিবার জানায়, আটকে পড়া ক্রিকেটার ও স্টাফদের দেশে ফিরিয়ে নিতে একটি বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে আইসিসি এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে।
জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফ্লাইটটি উড্ডয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেটি এখন কেবল চূড়ান্ত ‘এয়ার ট্রাফিক ক্লিয়ারেন্স’ বা উড্ডয়ন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা ও সার্বিক সুস্থতার বিষয়টি বিবেচনা করেই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরাও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রোটিয়াদের চারজন ক্রিকেটার সরাসরি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হতে পারেন। তবে দলের বাকি সদস্যরা ঠিক কখন শহর ছাড়বেন, তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে, আইসিসি-র বিশেষ ব্যবস্থাপনায় ইথিওপিয়ার আদ্দিস আবাবা হয়ে বিকল্প রুট ব্যবহার করে ইতিমধ্যে ভারত ছেড়েছে জিম্বাবুয়ে দল। ক্রিকেটাররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজ দেশে ফিরতে শুরু করেছেন।
এদিকে, আকাশসীমা স্বাভাবিক না হলে ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সরাসরি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ক্যাম্পে যোগ দিতে পারেন। আগামী ১৫ মার্চ থেকে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্সের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন